৯১ বছর বয়সেও থামেননি ‘গ্রে বিয়ার্ড’, আবারও হাঁটছেন অ্যাপালাচিয়ান ট্রেইলে
জীবনযাপন

৯১ বছর বয়সেও থামেননি ‘গ্রে বিয়ার্ড’, আবারও হাঁটছেন অ্যাপালাচিয়ান ট্রেইলে

আলোর নাচন আলোর নাচন 01 September, 2026
শেয়ার করুন: Facebook Twitter WhatsApp

বয়স ৯১ বছর। এই বয়সে প্রতিদিনের হাঁটাচলাটুকুই অনেকের কাছে বড় লক্ষ্য। কিন্তু ডেল ‘গ্রে বিয়ার্ড’ স্যান্ডার্সের গল্পটা অন্য রকম। তাঁর সামনে প্রায় ২ হাজার ১৯০ মাইলের পথ পড়ে আছে। পাহাড়, পাথর, বৃষ্টি, কুয়াশা আর প্রচণ্ড বাতাস পেরিয়ে সেই পথ হাঁটছেন তিনি। লক্ষ্য, আবারও নিজের রেকর্ড ফিরে পাওয়া।

যুক্তরাষ্ট্রের জর্জিয়া থেকে মেইন পর্যন্ত বিস্তৃত অ্যাপালাচিয়ান ট্রেইল। প্রায় ২ হাজার ১৯০ মাইল বা ৩ হাজার ৫০০ কিলোমিটারের বেশি দীর্ঘ এই পথ। পৃথিবীর অন্যতম বিখ্যাত দীর্ঘ পদযাত্রার পথ। স্যান্ডার্স পুরো পথ এক বছরের মধ্যে হেঁটে শেষ করতে চান। তাহলে আবারও সবচেয়ে বেশি বয়সে এই পথ পাড়ি দেওয়ার রেকর্ড তাঁর দখলে আসবে।

গ্রীষ্মের প্রথম দিন। ভোরের আলো তখনো পুরোপুরি ছড়িয়ে পড়েনি। নিউ হ্যাম্পশায়ারের হোয়াইট মাউন্টেনসে ফ্রাঙ্কোনিয়া রিজের দিকে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন স্যান্ডার্স। সামনে খাড়া, পাথুরে পথ। ছোট একটি ব্যাকপ্যাক কাঁধে তুলে প্রস্তুত হলেন। তারপর নিজেকেই মনে করিয়ে দিলেন, আজকের দিনে শুধু একটি কাজ করা যাবে না। সেটি হলো পড়ে যাওয়া। ৯১ বছর বয়সে পাহাড়ে হাঁটার জন্য এর চেয়ে ভালো নিয়ম আর কী হতে পারে!